ব্যাংকের দেউলিয়া ইস্যুতে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

রাজনৈতিক অস্থিরতা ও তীব্র বিতর্কের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। মূলত তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ‘উয়েনো’ ব্যাংকটি দেউলিয়া হওয়ার প্রক্রিয়া শুরু করলে দেশজুড়ে এই সংকট ও বিতর্কের সূত্রপাত হয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও বার্তা প্রকাশ করে পেনা জানান, জাতীয় স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সুরক্ষা এবং সামাজিক শান্তি বজায় রাখার স্বার্থেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

ভিডিও বার্তায় নিজের ব্যর্থতার দায় স্বীকার করে প্রেসিডেন্ট বলেন, কোনো ক্ষেত্রে ভুল হয়ে থাকলে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চাইছেন। জনগণের আস্থার অমর্যাদা করার কোনো ইচ্ছা তাঁর ছিল না বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, ৪৭ বছর বয়সী সান্তিয়াগো পেনা ২০২৩ সালের আগস্ট মাসে প্যারাগুয়ের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

প্রেসিডেন্টের বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও অসদাচরণের অভিযোগ এনেছেন দেশটির আইনপ্রণেতারা। উল্লেখ্য, গত বছর পর্যন্ত তিনি উয়েনো ব্যাংকের মালিকানাধীন কোম্পানির অংশীদার ছিলেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন পেনা, তবে তাঁর এই ঘোষণার আগেই পার্লামেন্টের নিম্নকক্ষে তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট পড়েছিল। বর্তমানে বিতর্কিত ব্যাংকটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

উয়েনো ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের গ্রাহকসংখ্যা প্রায় ৩০ লাখ, যা প্যারাগুয়ের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ। ব্যাংকটিতে পেনশনসহ সরকারি বিভিন্ন তহবিলের অর্থ গচ্ছিত ছিল। চলতি সপ্তাহের শুরুতে ব্যাংকটি দেউলিয়া হওয়ার প্রক্রিয়া শুরু করলে লাখ লাখ গ্রাহক তাদের জমানো অর্থ উত্তোলনে চরম অনিশ্চয়তার মুখে পড়েন।