সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের অধিনায়ক ১৫ বছর বয়সী সূর্যবংশী

২০২৬ সালের সৈয়দ মুশতাক আলী ট্রফির আসন্ন আসরে বিহার দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশীর কাঁধে। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে তিনি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। মাত্র ১৫ বছর বয়সে এই দায়িত্ব পাওয়ার মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো দলের নেতৃত্ব দেওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার অনন্য রেকর্ড গড়তে চলেছেন এই তরুণ। এর আগে ২০১৮ সালে রাজস্থানের হয়ে ১৮ বছর ৬৭ দিন বয়সে নেতৃত্ব দিয়ে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড গড়েছিলেন মহিপাল লোমরোর।

সূর্যবংশীর নেতৃত্বে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর ইনদোরে, যেখানে বিহারের প্রতিপক্ষ সৌরাষ্ট্র। এরপর ১৬ নভেম্বর দলটি তাদের দ্বিতীয় ম্যাচে রেলওয়ের মুখোমুখি হবে। তার ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সুরজ কাশ্যপ। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে চলতি বছরই ভারতের টি-টোয়েন্টি দলে অভিষেক হয় সূর্যবংশীর, এছাড়া ৪৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি ভেঙেছেন একাধিক বয়স-ভিত্তিক ও আইপিএল রেকর্ড।

নেতৃত্বের এই অভিজ্ঞতা তার পরিপক্কতা বাড়াতে সাহায্য করবে বলে মনে করেন নির্বাচকরা। এর আগে দলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়ক হিসেবেও কাজ করেছেন তিনি। সে সময় নির্বাচকদের মতে, তাকে বাড়তি দায়িত্ব দেওয়ার মূল লক্ষ্য ছিল ক্যারিয়ারের এই পর্যায়ে তাকে আরও বেশি পরিণত করে তোলা। দলীপ ট্রফির ফাইনালে ঈশান কিষাণ চোটের কারণে মাঠের বাইরে থাকলে কিছু সময়ের জন্য তিনি দলের নেতৃত্বভারও সামলেছিলেন।

গত মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের পারফরম্যান্স ছিল হতাশাজনক; সাতটি গ্রুপ ম্যাচের মধ্যে তারা জয় পায় মাত্র একটিতে। তবে সেই টুর্নামেন্টে খেলা ছয় ম্যাচে একটি সেঞ্চুরিসহ ১৬৮.৩৭ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন সূর্যবংশী। তার সবশেষ আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট ছিল নিউজিল্যান্ড সফর, যেখানে তিনি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। দলের নবাগত অধিনায়ক হিসেবে এই টুর্নামেন্টে বড় প্রত্যাশার চাপ নিয়েই মাঠে নামবেন তিনি।