ভুটানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ থমাস ডুলি

ভুটানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সে দারুণ খুশি কোচ থমাস ডুলি। জার্মান বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের এই কোচ ম্যাচ শেষে বলেন, দলের সামগ্রিক পারফরম্যান্সে আমি তৃপ্ত। পুরো ৯০ মিনিট একই গতি বজায় রাখা প্রায় অসম্ভব এবং এটি বাস্তবসম্মতও নয়। কারণ প্রতিপক্ষ দলও লড়াই করে এবং নিয়মিত সুযোগ তৈরির চেষ্টা চালায়। তিনি আরও উল্লেখ করেন, মনোযোগের অভাব ও অতিরিক্ত দৌড়ানোর কারণে খেলোয়াড়দের মাঝে মাঝেমধ্যে ক্লান্তিভাব দেখা দেয়। ভুটান যদি খেলার ফাঁকা জায়গা পেয়ে যায়, তবে তারা দারুণভাবে বল নিয়ন্ত্রণ করে গতি বাড়াতে পারে। তবে বাংলাদেশ তাদের নিয়মিত চাপে রাখতে পারায় বড় কোনো বিপদ ঘটেনি।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ধারাবাহিকভাবে আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি। এই পরিস্থিতিতে বিরতির পর কৌশলে পরিবর্তনের সিদ্ধান্ত নেন কোচ। বিশ্বনাথ ঘোষকে মাঠ থেকে তুলে নিয়ে মাঠে নামানো হয় মোহাম্মদ ইব্রাহিমকে। কোচের এই কৌশল মাঠে দারুণভাবে কাজ করে, ইব্রাহিম বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে কয়েক মিনিটের ব্যবধানেই গোল এনে দেন। ডুলি জানান, বিশ্বনাথ কিছুটা ক্লান্ত হয়ে পড়ায় ম্যাচের পরিস্থিতি সামলাতে মাঝমাঠে ইব্রাহিমকে অন্তর্ভুক্ত করা হয়। তবে গোল না পেলেও বিশ্বনাথের পারফরম্যান্সেও কোনো অসন্তুষ্টি নেই কোচের।