বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, প্রকৃতি ও দেশপ্রেমের চেতনায় ঋদ্ধ গান নিয়ে রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘দেশের গান’ শীর্ষক এক সাংস্কৃতিক আয়োজন। শুক্রবার সন্ধ্যায় ‘২৭ ধানমণ্ডি- গাই বাংলার গান পর্ষদ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছয়জন শিল্পী তাদের কণ্ঠে তুলে ধরেন মাটি ও মানুষের গল্প। সঙ্গীত পরিবেশনায় অংশ নেওয়া শিল্পীরা হলেন মৌমিতা বড়ুয়া, মৌসুমী সরকার, খগেন্দ্রনাথ সরকার, বিজন মিস্ত্রি, মাহমুদুল হাসান এবং তানজিনা তমা। তাদের কণ্ঠে ফুটে ওঠে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অধিকার আদায়ের সংগ্রামের কালজয়ী সব সুর।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কেবল বিনোদন নয়, বরং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, শেকড় ও আত্মপরিচয় পৌঁছে দেওয়া। স্বাগত বক্তব্যে ‘২৭ ধানমণ্ডি- গাই বাংলার গান পর্ষদ’-এর আহ্বায়ক ফজলুল কবীর তুহিন বলেন, কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের শেকড়, ইতিহাস এবং দেশপ্রেমকে নতুন করে জাগিয়ে তোলার দায়বদ্ধতা থেকেই এই কার্যক্রম। তিনি আরও যোগ করেন, দেশের গান একটি জাতির জন্মকথা, সংগ্রাম, আত্মত্যাগ ও ভালোবাসার দলিলে রূপান্তরিত হয়। বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা চর্চায় এই ধারার গানগুলো অনন্য ভূমিকা পালন করছে। মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম চর্চাকে উৎসাহিত করাই এই আয়োজনের অন্যতম মূল প্রতিপাদ্য।

