সম্প্রতি ঢাকা আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে ঘটিত এক অপ্রীতিকর ঘটনার রেশ না কাটতেই নতুন সংকটে পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। এই ঘটনার জেরে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে শেষ পর্যন্ত তাঁকে বাদ দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল।
পরীমনির নাম ও ছবি সংবলিত অনুষ্ঠানের প্রচার পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র আপত্তি জানান গণমাধ্যমকর্মীরা। ঘটনার সূত্রপাত ঘটে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদকের মন্তব্যের পর। তিনি আয়োজকদের স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ঢাকা আদালত চত্বরে সহকর্মী রবি এবং তাঁর মায়ের কাছে ক্ষমা না চাইলে আয়োজকদের বিকল্প অতিথি খুঁজতে হবে।
এই দাবির পর চট্টগ্রামের স্থানীয় সাংবাদিকদের মধ্যেও তীব্র ক্ষোভের সঞ্চার হয় এবং পরীমণিকে অনুষ্ঠান থেকে বয়কটের ডাক দেওয়া হয়। শেষ পর্যন্ত গণমাধ্যমকর্মীদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আয়োজক কমিটি অভিনেত্রীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। আয়োজকরা জানান, সাংবাদিকদের প্রতি সম্মান জানিয়েই পরীমণিকে তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তাঁকে ছাড়াই নতুন প্রচারণামূলক পোস্টার প্রকাশ করা হয়েছে। এই পোস্টের পর চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যেও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরীমণিকে অনুষ্ঠান থেকে বয়কট করার দাবি জোরালো হতে থাকে।
আয়োজক কমিটির ভাষ্যমতে, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার ১৭ দিন আগেই পরীমণির সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে শেষ মুহূর্তে গণমাধ্যমকর্মীদের অসম্মান করার অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের ব্যাপক প্রতিবাদের মুখে সেই পূর্বনির্ধারিত সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন তাঁরা।

