কলমাকান্দা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে শেখ শামীম ও ওবাইদুল

নেত্রকোনার কলমাকান্দা প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। প্রেসক্লাবের পক্ষ থেকে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ১১ সদস্যবিশিষ্ট এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের প্রতিনিধি শেখ শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মো. ওবাইদুল হক পাঠান।

গত ২৬ অক্টোবর আয়োজিত প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংশোধিত গঠনতন্ত্র-২০২৪-এর ৪৪ ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ৩১ অক্টোবর সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

নতুন কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সহসভাপতি হিসেবে দৈনিক ভোরের কাগজের মো. এনামুল হক তালুকদার, সহসাধারণ সম্পাদক হিসেবে বিএমএফ টেলিভিশনের মো. রিপন মিয়া, কোষাধ্যক্ষ হিসেবে ডেইলি অবজারভারের মো. জহিরুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক মানবজমিনের আব্দুর রশিদ এবং আইসিটি সম্পাদক হিসেবে দৈনিক জনতার রিনা হায়াৎ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রশিদ আকন্দ, প্রান্ত সাহা বিভাস, মাকসুদুর রহমান বিপ্লব ও আব্দুল্লাহ আল রোমান।

প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে রয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া পদাধিকারবলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিনিয়র সাংবাদিক মো. জাফর উল্লাহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত কলমাকান্দা প্রেসক্লাবের স্লোগান-‘আমরা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে’। নতুন এই কমিটির মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।