মালয়েশিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। হাইকমিশন অডিটোরিয়ামে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত দিবসটির প্রেক্ষাপট ও গুরুত্ববিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন ও সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ বক্তব্য রাখেন। বক্তারা বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ই নভেম্বরের গুরুত্ব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসামান্য ভূমিকার ওপর আলোকপাত করেন। হাইকমিশনার তাঁর বক্তব্যে শহীদ জিয়ার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতির প্রসার, তৈরি পোশাকশিল্পের ভিত্তি স্থাপন, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি বিপ্লব ও খাল খনন কর্মসূচিসহ দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সবশেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, মালয়েশিয়া বিএনপির সদস্য এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করেন।