সিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ এর আওতায় অনূর্ধ্ব-১৪ বয়সের বালক-বালিকাদের জন্য সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি এবং শারীরিক সক্ষমতা অর্জনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক এই কর্মসূচির আয়োজন করেছে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিস। মঙ্গলবার সয়াধানগড়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায় সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। উদ্বোধনী আয়োজনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক গনপতিরায় বলেন, সাঁতার কেবল একটি খেলাধুলা নয়, এটি জীবন রক্ষার একটি অপরিহার্য কৌশল। এটি মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মের মেধা ও সক্ষমতা বিকাশে ক্রীড়া দপ্তরের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উদ্বোধনী দিনে ‘নিজে সাঁতার শিখি এবং অন্যদের সাঁতার শিখতে উৎসাহিত করি’ এই স্লোগানের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের সাঁতারে আগ্রহী করে তোলা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত এই প্রশিক্ষণের ফলে একদিকে যেমন পানিতে ডুবে মৃত্যুর মতো দুর্ঘটনা কমানো সম্ভব হবে, তেমনি এখান থেকে উঠে আসা দক্ষ সাঁতারুরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে জেলার নাম উজ্জ্বল করার সুযোগ পাবে। মাঠপর্যায়ে সাঁতার চর্চা ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবেই এই আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

