বাংলাদেশের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হারার পর সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার। কিন্তু মাঠের পারফরম্যান্স নিয়ে আলোচনার বদলে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি সাফের কর্তাব্যক্তিদের কর্মকাণ্ড নিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন। ম্যাচ শেষে তিনি সাফের আইন কর্মকর্তা তানজিমের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দ্বৈতনীতি ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণের অভিযোগ তুলেছেন। মুতাইরির দাবি, ম্যাচের আগের রাতে তাকে ই-মেইল পাঠিয়ে ছয় মাসের নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলার জরিমানার হুমকি দেওয়া হয়েছে, যা তাকে প্রচণ্ড চাপে ফেলেছিল। ৪-০ গোলে হারের পর যেন নিজের ক্ষোভ উগরে দিলেন এই কোচ। পরবর্তী সময়ে কুয়েতের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায়ও মাত্র ৫০০ ডলার জরিমানা করা হয়েছিল।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রতিপক্ষ বাংলাদেশকে অভিনন্দন জানালেও, দ্রুতই সাফের আইন বিভাগের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন লঙ্কান এই কোচ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার সামান্য কিছু কথার জন্য মধ্যরাতে কেন আমাকে ই-মেইল পাঠানো হলো? সকাল ৯টা পর্যন্ত তো অপেক্ষা করা যেত, এত তাড়াহুড়ো কিসের ছিল?’ তিনি আরও দাবি করেন, ই-মেইলটি হাতে পাওয়ার পরই তিনি বুঝতে পেরেছিলেন যে এই ম্যাচে তাদের হারানো হবে। তার অভিযোগ, বিশ্বকাপ খেলা কোচদের জন্য এক ধরনের নিয়ম আর তার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ও কঠোর নীতি প্রয়োগ করা হচ্ছে।
নিজের দাবির পক্ষে ই-মেইলের অংশ বিশেষ পড়ে শুনিয়ে মুতাইরি বলেন, সেখানে স্বীকার করা হয়েছে যে তার বক্তব্য ছিল মূলত রেফারিং ও ভিএআর চালুর দাবি নিয়ে, যা কোনোভাবেই বাংলাদেশ বা সাফের বিরুদ্ধে ছিল না। সাফের দ্বৈতনীতি বোঝাতে তিনি ২০২৩ সালের ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ টানেন। তার অভিযোগ, ওই ম্যাচে ভারতীয় কোচ পাকিস্তানের খেলোয়াড়কে স্পর্শ করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ তার বেলায় ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১০ হাজার ডলার জরিমানার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ২০২১ সালের সাফেও দুটি হলুদ কার্ডের জন্য তাকে ফাইনালে নিষিদ্ধ করা হয়েছিল বলে তিনি জানান। সাফের আইন বিভাগের প্রধানকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, নিয়ম থাকলে তাকে দুই-তিন বছরের জন্য নিষিদ্ধ করা হোক, এতে তিনি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। প্রতিযোগিতার নিয়মে এমন কোনো বিধান থাকলে কোচিং ছেড়ে দেয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন আইন বিভাগের প্রধানকে।
সাফের আয়োজক নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন মুতাইরি। তার দাবি, ২০২৩ সালে নেপাল আবেদন করলেও স্পনসরের শর্তে ভারতকে আয়োজক করা হয়েছিল, যা সাফের সিদ্ধান্তের পক্ষপাতিত্ব প্রমাণ করে। এছাড়া শ্রীলঙ্কার প্রতিনিধিকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না দেওয়ার বিষয়টিকেও তিনি সামনে আনেন। তার দাবি, ২০২৩ সালের সাফ আয়োজনের জন্য আবেদন করেছিল কেবল নেপাল।
সবশেষে সাফের আইন বিভাগের প্রধানকে উদ্দেশ করে ধর্মীয় প্রসঙ্গ টেনে আবেগপ্রবণ হয়ে পড়েন মুতাইরি। তিনি বলেন, ‘হাশরের ময়দানে আল্লাহর সামনে যখন আমরা মুখোমুখি দাঁড়াব, তখন আপনি কোথায় পালাবেন? কেয়ামতের দিন আমি আপনার বিরুদ্ধে অভিযোগ জানাব।’ মুতাইরি আরও বলেন, ‘আমার মন পরিষ্কার, আমি কোনো অন্যায় করিনি।’ তিনি তার কাছে থাকা সমস্ত প্রমাণ এবং কর্মকর্তাদের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘোষণা দিয়েছেন। সাফের প্রতি তার পরামর্শ, যদি তারা সত্যিই ফুটবলের উন্নয়ন চায়, তবে মাঠের ফুটবলে অহেতুক হস্তক্ষেপ বন্ধ করে স্রেফ ফুটবল খেলার পরিবেশ নিশ্চিত করা উচিত।

