১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো লক্ষাধিক মানুষের স্মরণে ভোলায় আয়োজিত অনুষ্ঠানে ১২ নভেম্বরকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানানো হয়েছে। ভোলা জেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভায় অংশ নেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, উপকূলীয় সবুজবেষ্টনী সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়। জেলা প্রশাসক শামীম রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভোলার মানুষের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা হবে এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। তিনি বলেন, ১৯৭০ সালের সেই দুর্যোগের পর তৎকালীন পাকিস্তান সরকারের চরম অবহেলা ও উদাসীনতা মানুষের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করেছিল। তিনি উপকূলীয় বনাঞ্চল রক্ষায় বিকল্প জ্বালানির ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাই বন রক্ষায় বিকল্প জ্বালানির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়া উচিত। উপকূলীয় বনাঞ্চল রক্ষা করা না গেলে ভবিষ্যতে দুর্যোগের ঝুঁকি আরও বাড়বে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ভোলা জেলা শাখার সভাপতি মুবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, জলোচ্ছ্বাসের পর উপকূল রক্ষায় যে সবুজবেষ্টনী গড়ে তোলা হয়েছিল, তা এখন ইটভাটা ও গৃহস্থালির জ্বালানির প্রয়োজনে ধ্বংস করা হচ্ছে। ভোলার গ্যাস স্থানীয় পর্যায়ে ব্যবহারের সুযোগ থাকলে গাছ কাটা অনেকাংশেই কমানো সম্ভব হতো।
অনুষ্ঠানে পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় বন্ধুজন পরিষদের সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদস্যসচিব রাইসুল আলম এবং দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন। সবশেষে হাফেজ মাওলানা বনি আমিন জলোচ্ছ্বাসে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য, একই দিনে ভোলা জেলা শিক্ষক মিলনায়তনেও পৃথক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

