নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ১ নম্বর স্লুইসগেট এলাকায় খরা ও লবণাক্ততা সহিষ্ণু বিনা-১০ জাতের বোরো ধান আবাদে কৃষকদের উৎসাহিত করতে একটি বিশেষ প্রদর্শনী প্লট পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক কৃষক ও তরুণ প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত এই জাতের ধান উপকূলে চাষের নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
‘স্মার্ট কোস্টাল অ্যাগ্রি-নেক্সট’ প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও (সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন) এই আয়োজনটির বাস্তবায়ন করে, যাতে এমএস টিসিডিসি সহযোগিতা প্রদান করেছে। আয়োজকদের মতে, অনাবৃষ্টির কারণে উপকূলীয় এলাকার কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় রবি মৌসুমে বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রচলিত ধান চাষে ভূগর্ভস্থ পানির অতি-ব্যবহারের ফলে পানির স্তর নিচে নেমে যাওয়া এবং পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি তৈরি হচ্ছে। এই সংকট মোকাবিলায় বিনা-১০ ধান একটি কার্যকর বিকল্প হতে পারে, যা লবণাক্ত জমিতেও উন্নত ফলন দিতে সক্ষম। এর মাধ্যমে পানির ব্যবহার ও উৎপাদন ব্যয় উভয়ই কমানো সম্ভব বলে মত দেন বক্তারা।
সংগঠনটির নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা জানান, কৃষকদের সহায়তায় ইতোমধ্যে ২০ জন তরুণকে ‘স্মার্ট কোস্টাল অ্যাগ্রি লিডার’ হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ফসলের রোগবালাই শনাক্ত এবং কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়া কৃষি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে ৫০ জন নারীকে ট্রাইকো-কম্পোস্ট সার উৎপাদন ও বাজারজাতকরণের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রকল্প সমন্বয়ক আব্দুল্লাহ আল রাহাদসহ স্থানীয় প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং লবণ সহিষ্ণু জাতের ধানের চাষ পদ্ধতি জনপ্রিয় করতে পারলে সুবর্ণচরের সামগ্রিক কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন।

