কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত চিত্রনায়িকা শিরিন শিলা

গত কয়েক মাস ধরে কানাডায় মা ও ভাইয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা শিরিন শিলা। সেখানে থাকাকালীন ‘ভায়োলেন্স’ নামে একটি নতুন সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। সিনেমাটির গল্পের অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। শিরিন শিলা বলেন, কানাডায় এসে নতুন এই সিনেমার শুটিং শুরু করেছি। কাজের প্রয়োজনে মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রেও যাতায়াত করতে হচ্ছে। সেখানে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অ্যাওয়ার্ড’ পাওয়ার পাশাপাশি ঢালিউড অ্যাওয়ার্ডেও অংশ নিয়েছেন এই অভিনেত্রী। সব মিলিয়ে প্রবাসে ব্যস্ত সময় কাটলেও দেশের মাটি ও মানুষের কথা ভীষণভাবে মিস করছেন তিনি। তবে কিছু কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় আপাতত দেশে ফেরা হচ্ছে না তার।

২০১৪ সাল থেকে বড় পর্দায় নিয়মিত অভিনয় করছেন শিরিন শিলা। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে নিজের কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, শাকিব খানের বিপরীতে কাজ করার মাধ্যমেই তার অভিনয়ের যাত্রা শুরু হয়। এরপর দর্শকদের ভালোবাসা ও বিভিন্ন সংগঠনের স্বীকৃতি তাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। শিলা বলেন, দর্শকের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এর পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন সংগঠন থেকে পাওয়া সম্মাননাগুলোও আমার চলার পথের পাথেয় হয়ে আছে। নিজের কাজের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতেই তিনি নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছেন।