দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,২৩৮ জন। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৫২ জনে। রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে ৯ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ১৩৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ১,২৪৭ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৩ সেপ্টেম্বরের পর এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। নতুন করে আরও ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,১৬২ জনে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জন মারা গিয়েছিল।
নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হামের রোগী হিসেবে ঢাকায় ৪৩ জন, সিলেটে ১৮ জন এবং চট্টগ্রামে ১৫ জন রয়েছেন। এছাড়া সন্দেহজনক আক্রান্তদের মধ্যে ঢাকায় ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন। নিশ্চিত হামে সর্বোচ্চ ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিন জন করে এবং ময়মনসিংহে দুই জন মারা গেছেন।
হাসপাতালে ভর্তির ক্ষেত্রে দেখা যায়, এখন পর্যন্ত সর্বমোট ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন সন্দেহজনক হামের রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে নতুন করে ১,০৬৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৯৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে এক হাজার ৬৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।

