ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন সামিরা খান মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোর পাঁচটায় আয়োজিত এই বিশেষ পর্বে ‘মাতৃত্ব ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’ মূলভাবনার ওপর ভিত্তি করে সাজসজ্জা উপস্থাপন করেন তিনি। মাহির পুরো লুকটি ছিল দেশীয় ঐতিহ্য ও বাঙালি নারীর মাতৃত্বের গভীর অনুভূতির এক শৈল্পিক সংমিশ্রণ।
মঞ্চে মাহির পরনে ছিল কুমিল্লার ঐতিহ্যবাহী ১৬ গজ সুতির খাদি কাপড়ে তৈরি লাল-সাদা শাড়ি, যা রেডি-টু-ওয়্যার পদ্ধতিতে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। ডিজাইনার বিশ্বজিৎ মজুমদারের নকশা করা এই শাড়িতে শাপলা ফুলের এমব্রয়ডারি ও ব্লকপ্রিন্টের কাজ ফুটিয়ে তোলা হয়েছে। পুরো পোশাকের নকশা তৈরিতে বিশ্বজিৎ মজুমদার মাত্র তিন দিন সময় ব্যয় করেছেন, যার দুই দিন শিল্পকর্ম এবং এক দিন শাড়ি তৈরির কাজে ব্যবহৃত হয়েছে। মঞ্চে সহজে হাঁটাচলার সুবিধার্থে ১৬ গজ সুতির খাদি কাপড়ের শাড়িটি রেডি-টু-ওয়্যার পদ্ধতিতে প্রস্তুত করা হয়। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে মাহির সাজে ছিল সোনালি গয়না।
পোশাকের পাশাপাশি সামিরা খান মাহির পিঠে থাকা বৃত্তাকার শিল্পকর্মটি ছিল দর্শকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেখানে একটি শিশুর বেড়ে ওঠা, মাতৃত্বের বিবর্তন এবং জীবনের শেষ প্রান্তে সন্তানের আশ্রয়ে ফিরে আসার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে মমতার চিরন্তন বন্ধন তুলে ধরেছে। সাজের সাথে মানানসই গয়নাগুলো তৈরি করেছেন ডিজাইনার তন্বী কবির। নয়জন কারিগর টানা সাত দিনে ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে সীতাহার, কণ্ঠহার, বালা ও কাঁটানা ঝুমকার মতো সাবেকি অলংকারগুলো প্রস্তুত করেছেন। এর মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা মমতার গল্প ফুটে উঠেছে।
প্রতিযোগিতার শেষ মুহূর্তে নির্বাচিত হওয়ায় মাহির জন্য এই প্রস্তুতি নেওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে এই যাত্রায় পাশে ছিলেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মিথিলার সক্রিয় সহযোগিতা ও দিকনির্দেশনায় মাহি খুব অল্প সময়ের মধ্যে তার পোশাক ও আনুষঙ্গিক সাজসজ্জা গুছিয়ে নিতে সক্ষম হন।

