শেখ হাসিনার ফেরার পথ পর্যালোচনায় পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা

জুলাই মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য স্থলপথ পর্যালোচনার উদ্দেশ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পেট্রাপোল সীমান্ত এলাকা সফর করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা। রোববার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভারতের কয়েকটি গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়। তবে অন্য কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নেতারা পেট্রাপোল ও আগরতলা সফরের পরিকল্পনা করছেন। পেট্রাপোল সীমান্ত দিয়েই হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। পাশাপাশি শেখ হাসিনা কোন বাস্তবসম্মত পথে বাংলাদেশে ফিরতে পারেন, তা পর্যালোচনা করাও তাদের সফরের লক্ষ্য।

প্রতিবেদন অনুযায়ী, সফরকারী এই প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। পেট্রাপোল সীমান্ত ও সেখানকার ইমিগ্রেশন কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তারা। সিএনএন-নিউজ ১৮ এবং নিউজ ১৮-এর তথ্যমতে, আগামী কয়েক দিনের মধ্যে প্রতিনিধিদলটির আগরতলায় গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

এদিকে আওয়ামী লীগ নেতাদের এই সফরকে কেন্দ্র করে নানামুখী জল্পনা তৈরি হয়েছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার মন্তব্য করেছেন, ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। তার ভাষায়, আপাতত অপেক্ষা করুন এবং দেখুন কী হয়। এই ঘটনাটি বর্তমানে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।