পর্তুগালের ‘বাজার ডিপ্লোমেটিকো’ উৎসবে নজর কাড়ল বাংলাদেশের স্টল

পর্তুগালের রাজধানী লিসবনের কংগ্রেস সেন্টারে গত শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক চ্যারিটি ফেয়ার ‘বাজার ডিপ্লোমাটিকো-২০২৬’। পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে মার্টিনস সেগুরো উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই তিনি বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের স্টলগুলো ঘুরে দেখেন। এই মেলায় বিশ্বের নানা প্রান্তের দেশগুলো তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, বৈচিত্র্যময় পণ্য ও জনপ্রিয় সব খাবারের পসরা সাজিয়ে নিজেদের স্বকীয়তা তুলে ধরছে। প্রতিটি স্টল যেন নিজ নিজ দেশের ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি হিসেবে দর্শনার্থীদের সামনে হাজির হয়েছে। পর্তুগালস্থ বাংলাদেশ দুতাবাসের সরব উপস্থিতি ছিল বহজাতিক কুটনৈতিক মিশনগুলোর অংশগ্রহণে আয়োজিত চ্যারিটি ফেয়ার ‘বাজার ডিপ্লোমাটিকো-২০২৬’-এ।

এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও একটি স্টল সাজানো হয়েছিল। দেশীয় জীবনধারা, কৃষ্টি ও ঐতিহ্যের নানা উপাদানের পাশাপাশি বাঙালির রসনাবিলাসের পরিচয় দিতে সেখানে রাখা হয়েছিল বিভিন্ন মুখরোচক খাবার। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই আয়োজন এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। উৎসবে অংশ নেওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল ড. কামরুল হাসান পর্তুগালের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের একটি উপহার সামগ্রী তুলে দেন। মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে বাংলাদেশের স্টল এবং বিশেষ করে বাঙালি খাদ্য সংস্কৃতির প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। ভিনদেশি মানুষের কাছে নিজের দেশের স্বাদ ও ঐতিহ্য তুলে ধরতে পেরে প্রবাসীরাও বেশ উচ্ছ্বসিত ছিলেন।

এই ধরণের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কেবল দেশগুলোর সংস্কৃতির মেলবন্ধনই ঘটায় না, বরং বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও বোঝাপড়া বাড়াতে সেতুবন্ধন হিসেবে কাজ করে। বিশেষ করে নতুন প্রজন্মের বিদেশি নাগরিকদের কাছে বাংলাদেশের পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে এই মেলা অত্যন্ত ফলপ্রসূ। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এমন সরব উপস্থিতি আমাদের দেশীয় ঐতিহ্য, আতিথেয়তা ও সাংস্কৃতিক সৌন্দর্যকে বিশ্বদরবারে নতুনভাবে উপস্থাপন করছে। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক যোগাযোগ সম্প্রসারণে বাংলাদেশের এই অংশগ্রহণ এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এসব আয়োজনের মধ্য দিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের স্বতন্ত্র পরিচয়, ঐতিহ্য ও আতিথেয়তার সংস্কৃতি নতুনভাবে উপস্থাপিত হয়।