সুয়ারেসকে ছাড়াই উরুগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা

সুয়ারেসকে ছাড়াই উরুগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা

By ~ June 1, 2026 ~ 1 min read

জাতীয় দলের হয়ে খেলার দুয়ার খোলা রাখার কথা বললেও শেষ পর্যন্ত উরুগুয়ের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেসের। দলের প্রয়োজনে বিশ্বকাপে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছিলেন তিনি, তবে উরুগুয়ে তাকে ছাড়াই তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে বাদ দিয়েই ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মার্সেলো বিয়েলসা।

২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন সুয়ারেস। উরুগুয়ের জার্সিতে ১৪৩ ম্যাচে রেকর্ড ৬৯ গোল রয়েছে তার। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড সম্প্রতি বলেছিলেন, জাতীয় দলের প্রয়োজন হলে তিনি অবসর ভেঙে ফিরতে প্রস্তুত। কিন্তু গত রোববার ঘোষিত দলে তার জায়গা হয়নি।

সুয়ারেসের পাশাপাশি আরেক অভিজ্ঞ ফুটবলার নাহিতান নান্দেসও বিশ্বকাপ দলে ডাক পাননি। ৩০ বছর বয়সী এই উইঙ্গার বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি ম্যাচে অংশ নিয়েছিলেন।

এই দুই তারকা বাদে নিয়মিতদের প্রায় সবাইকেই নিয়ে দল সাজিয়েছেন বিয়েলসা। রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেস এবং মাথিয়াস অলিভেরা। মাঝমাঠে দেখা যাবে ফেদেরিকো ভালভের্দে, রদ্রিগো বেন্তানকুর, মানুয়েল উগার্তে ও নিকোলাস দে লা ক্রুসের মতো খেলোয়াড়দের। আক্রমণভাগের নেতৃত্ব দেবেন দারউইন নুনেস।

আগামী ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো কেপ ভার্দে ও স্পেন।

X

Stay tuned

Subscribe to our newsletter for updates, tutorials, and stories.