মাগুরায় ৫ গ্রামের দীর্ঘদিনের বিরোধ নিরসনে পুলিশের উদ্যোগে সম্প্রীতি সভা

মাগুরা জেলা পুলিশের বিশেষ উদ্যোগে এবং পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় গত মঙ্গলবার (২ জুন) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। আলমখালী, হাজরাপুর, ইছাখাদা, বাঁশতৈল ও রাজারামপুর—এই পাঁচটি গ্রামের মধ্যে দীর্ঘকাল ধরে চলে আসা বিভিন্ন বিষয়ভিত্তিক বিরোধ নিরসনের লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত সকল পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনার পর পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা তাঁর বক্তব্যে বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন যে, যেকোনো ধরনের বিরোধ আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করাই সবচেয়ে কার্যকর উপায়। পুলিশ সুপার সবাইকে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ঐক্যবদ্ধভাবে বসবাস করার জন্য আন্তরিক আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী সকল পক্ষই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করার বিষয়ে তাদের দৃঢ় অভিমত ব্যক্ত করেন। সভার সমাপ্তিতে, একজন আলেমের উপস্থিতিতে সকলে একসঙ্গে বুকে বুক মিলিয়ে এবং হাতে হাত রেখে এই মর্মে ওয়াদা করেন যে, তারা তাদের দেওয়া অঙ্গীকার রক্ষা করবেন এবং ভবিষ্যতে মিলেমিশে শান্তিপূর্ণ জীবনযাপন করবেন।

এই সম্প্রীতি সভায় মাগুরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক এবং অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, পিপিএম। এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সভায় অংশগ্রহণ করেন মো. আলী আজাদ, তৈয়ব আসাদ, আশরাফুজ্জামান রনি, মিনহাজ উদ্দিন, শাহাবুদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম, আসলাম শেখ, মো. মনিরুল ইসলাম, মো. আতিয়ার রহমান, লিয়াকত, মো. সুলতান, মো. আবু তালেব, মো. সাহেব আলী, হাফেজ আখতারুজ্জামান মঞ্জু, মো. হুমায়ুন কবির, মো. আরোজ আলী, কবির, সাত্তার, পিকুল মন্ডল, মো. মোস্তফা, মো. উজির আলী, সুলতান মোল্লা, আতিয়ার, মো. আবুল হোসেন বিশ্বাস ও বাহারুল শেখ প্রমুখ।

সভায় আবারও পুনর্ব্যক্ত করা হয় যে, মাগুরা জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।