বেনাপোলে কোটি টাকার পণ্য পাচারকালে কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩
বেনাপোল কাস্টমস হাউস থেকে বিভিন্ন সময়ে পাসপোর্টযাত্রীর কাছ থেকে আটক হওয়া কোটি টাকার উচ্চ শুল্কের বাণিজ্যিক পণ্য পাচারের অভিযোগে কাস্টমস হাউসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২১ জুন) গভীর রাতে ট্রাকভর্তি মালামালসহ বেনাপোল বাজার থেকে বিজিবি তাদের আটক করে।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে দুটি ট্রাকে করে বেনাপোল কাস্টমস হাউসের ভেতরের একটি গোডাউন থেকে রাত ২টার দিকে কোটি টাকা মূল্যের মালামাল পাচার করা হচ্ছিল। টহলরত বিজিবির হাতে আটক ব্যক্তিরা হলেন – বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী, ট্রাকের চালক মহসিন আলী এবং হেলপার জাহিদ হাসান।
বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে উদ্ধারকৃত এবং চেকপোস্টে কাস্টমসে যাত্রীদের কাছ থেকে জব্দকৃত বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল কাস্টমস গোডাউনে রাখা হয়। প্রতি ছয় মাস অন্তর জব্দকৃত মালামাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়। গতকাল রাতে ট্রাকভর্তি মালামাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর কথা বলে ট্রাকে ভরে পাঠানোর সময় বেনাপোল বাজার থেকে ট্রাকটি আটক করে বিজিবি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস ভর্তি কাগজপত্রবিহীন একটি ট্রাক বেনাপোল বাজার পার হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল দুর্গাপুর মোড়ে অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করে ক্যাম্পে আনা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকটি আটক করা হয়েছে। উদ্ধারকৃত ভারতীয় বিভিন্ন প্রকার মালামালের হিসাব ও বাজারমূল্য নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়, বিজিবি কর্তৃক মালামাল আটকের খবর পেয়ে সংরক্ষিত গোডাউন এলাকায় পৌঁছে অপেক্ষমাণ আরও একটি ট্রাক দেখতে পাওয়া যায়। তবে চালক ও হেলপারকে পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ ও আরিফ এবং ৩ জন সিপাহীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মালামাল পাচারের সঙ্গে জড়িত অভিযোগে তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
