প্রতিবেশী দেশের পানি বৈষম্যে শুকিয়ে যাচ্ছে দেশের নদীগুলো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে বাংলাদেশের নদীগুলো আজ শুকিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পর্যাপ্ত পানি পাচ্ছে না, যার ফলে তিস্তা নদী এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এই সংকট মোকাবিলায় সরকার তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের কাশাদহ খাল খনন প্রকল্প পরিদর্শনকালে মন্ত্রী এই মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও অবহেলা ও অযত্নের কারণে অনেক নদীই এখন খালে পরিণত হয়েছে। এই নদীগুলোকে পুনরায় খনন করার জন্য সরকারের মহাপরিকল্পনা রয়েছে। তবে আগাম বৃষ্টিপাতের কারণে খাল খননের কাজ সাময়িকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তিনি জানান, আসন্ন শুকনো মৌসুমে বাকি অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে।

খাল খনন প্রকল্পে দুর্নীতির বিষয়ে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর দেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। এই দুর্নীতি রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে খাল খনন সংক্রান্ত কোনো নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শন শেষে মন্ত্রী দৌলতপুর এবং সাটুরিয়া উপজেলার আরও দুটি খাল খনন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান উপস্থিত ছিলেন।