বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ান শহর থেকে সফর শেষ করে বেইজিংয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাউমিং রেলস্টেশনে এসে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন।

চাউমিং রেলস্টেশনে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লালগালিচা সংবর্ধনা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। রেলস্টেশন থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছে। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা এই গেস্ট হাউসেই অবস্থান করবেন।

এর আগে বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলস্টেশন থেকে হাইস্পিড বা বুলেট ট্রেনের মাধ্যমে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। এ সফরে তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেইজিংয়ে আসার আগে সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউইএফ আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সফল সফর শেষে গত সোমবার তিনি তাঁর সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানে এসে পৌঁছান। গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন ও মালয়েশিয়া সফর।