বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির নতুন দায়িত্ব নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে যোগদান করেছেন। গত ২১ জুন, রবিবার রাতে আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এই বদলি ও নিয়োগের আদেশ জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে তাঁকে দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছিল।
বগুড়া আদালতের সিনিয়র আইনজীবী ওয়াজেদুর রহমান ওয়াজেদ জানান, বিচারক শাহজাহান কবিরের বদলির আদেশের পর জেলা এ্যাডভোকেট বার সমিতি এবং জজ আদালতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী পৃথকভাবে তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। বগুড়ায় কর্মকালীন সময়ে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও আইনের শাসন কায়েমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর বিচারিক কর্মকাণ্ডে স্থানীয় আইনজীবীসহ বিচারপ্রার্থীরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া প্রশাসনিকভাবে তিনি জেলার সকল আদালতের বিচারকদের সাথে সমন্বয় বজায় রেখে দক্ষতার সাথে কাজ করেছেন।
সাতক্ষীরার কৃতি সন্তান বিচারক মোঃ শাহজাহান কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৮তম বিসিএস (বিচার) ক্যাডারের মাধ্যমে বিচার বিভাগে প্রবেশ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ আদালতে দায়িত্ব পালনের পাশাপাশি হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবেও কাজ করেছেন। এছাড়া বগুড়ায় যোগদানের পূর্বে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (প্রসিকিউশন) এবং নেত্রকোনার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
