প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করলো দেশের অন্যতম জনপ্রিয় বাংলা ভাষাভিত্তিক রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ বাংলা চর্চা ও ভাষার প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার সপ্তম আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে রাজধানীর তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। শনিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
সংবাদ সম্মেলনের শুরুতে বিগত ছয় বছরের কার্যক্রম নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ভাষাবিদ অধ্যাপক মনসুর মুসা। এছাড়া ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি এবং বিচারকমণ্ডলীর সদস্য আনিসুল হক, ত্রপা মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সপ্তম আসরের বিচারক হিসেবে থাকছেন অধ্যাপক তারিক মঞ্জুর, কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক এবং নাট্যজন ত্রপা মজুমদার। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবেন ১০ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ৩ লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া প্রথম দশজন প্রতিযোগীকে ল্যাপটপ, বই ও বই রাখার আলমারি উপহার দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, বাঙালিয়ানার জন্য এটি অত্যন্ত গর্বের বিষয় যে বাংলাবিদ সপ্তম বছরে পদার্পণ করছে। গত বছর প্রায় দুই লাখ শিক্ষার্থী নিবন্ধন করেছিল, যা এই আয়োজনের গ্রহণযোগ্যতার প্রমাণ। তিনি আশা প্রকাশ করেন, এবার আরও বেশি শিক্ষার্থী অংশ নেবে। ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান জানান, ২০১৭ সালে যাত্রা শুরু করলেও করোনা মহামারি ও জাতীয় নির্বাচনের কারণে তিন বছর আয়োজন স্থগিত ছিল। তিনি আয়োজনের নেপথ্যের কারিগর ইবনে হাসান খান ও তাহের শিপনের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
সংবাদ সম্মেলনের পর প্রধান অতিথি অধ্যাপক মনসুর মুসা আনুষ্ঠানিকভাবে সপ্তম আসরের উদ্বোধন ঘোষণা করেন। বিচারক আনিসুল হক একে দেশের অন্যতম সুন্দর ও উপকারী অনুষ্ঠান হিসেবে অভিহিত করেন এবং ত্রপা মজুমদার শিক্ষার্থীদের উদ্দীপনাকে এই আয়োজনের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন। ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আটটি বিভাগীয় শহরসহ কুমিল্লায় বাছাইপর্ব শেষে নির্বাচিত ৮০ জনকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে স্টুডিও রাউন্ড, যা চ্যানেল আইয়ে মোট ২১ পর্বে সম্প্রচার করা হবে। মহোৎসব অনুষ্ঠিত হবে ২০২৫ সালের প্রথম দিন। আগ্রহী শিক্ষার্থীরা ৩০ জুলাই পর্যন্ত www.banglabid.com.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবে। এছাড়া স্বেচ্ছাসেবীরা স্কুল পর্যায়ে তথ্য পৌঁছে দেবেন বলে জানানো হয়েছে।
