চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।
রবিবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত এই উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাসিবুস সাত্তার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সেলিম বালি প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান, শিশু বিশেষজ্ঞ ডা. রেজাউল করিমসহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অপুষ্টি দূর করা, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। তাই অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা তাদের নির্দিষ্ট বয়সের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করেন।
এবারের ক্যাম্পেইনে জেলায় মোট ২ লাখ ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২৮ হাজার ৭০৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৫ হাজার ৯০৯ জন।
ক্যাম্পেইন সফল করতে জেলার পাঁচটি উপজেলা ও পৌরসভাসহ মোট ৬১টি ইউনিয়নে ১ হাজার ২০৪টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৯১টি আউটরিচ কেন্দ্র, ৭টি মোবাইল ও অতিরিক্ত কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্র রয়েছে। এই কার্যক্রমে ১৮৮ জন স্বাস্থ্য সহকারী, ১৭৯ জন পরিবার কল্যাণ সহকারী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, গ্রেইন এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা কারিগরি ও সার্বিক সহায়তা দিচ্ছে। দিনব্যাপী জেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।
