সাময়িক বিরতিতে লিংকন, আর্টসেলে নতুন ট্যুরিং ভোকাল বখতিয়ার

আর্টসেল ব্যান্ডের ভক্তদের জন্য এল এক আবেগঘন ঘোষণা। ব্যক্তিগত কারণে জনপ্রিয় এই ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী ও গিটারিস্ট লিংকন ডি’কস্তা সাময়িকভাবে ব্যান্ডের সকল কার্যক্রম থেকে বিরতি নিয়েছেন। তবে কনসার্ট ও লাইভ পারফরম্যান্স যেন ব্যাহত না হয়, সেজন্য তারই সম্মতিতে নতুন ট্যুরিং ভোকাল হিসেবে ব্যান্ডে যুক্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন।

সম্প্রতি আর্টসেলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তায় ব্যান্ডের সদস্যরা এই পরিবর্তনের কথা জানান। সেখানে লিংকন ডি’কস্তা বলেন, জীবনের বিশেষ কিছু পরিস্থিতির কারণে তাকে বর্তমানে কানাডায় থাকতে হচ্ছে এবং আরও কিছুদিন দেশের বাইরে অবস্থান করতে হবে। তিনি উল্লেখ করেন, গত ২৭ বছরে তিনি আর্টসেলের কোনো ক্লাসে অনুপস্থিত থাকেননি, কিন্তু জীবনের চলার পথে এমন পরিস্থিতি আসে যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এটি সময়ের দাবি।

লিংকনের মতে, ব্যক্তি নয়, একটি ব্যান্ড বা প্রতিষ্ঠানের অস্তিত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তার অনুপস্থিতিতে যেন আর্টসেলের পথচলা থেমে না যায় এবং ভক্তরা লাইভ পারফরম্যান্স থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে নতুন ট্যুরিং ভোকাল নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের উত্তরসূরি হিসেবে বখতিয়ারকে পরিচয় করিয়ে দিয়ে লিংকন বলেন, বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান, যে আর্টসেলের আবেগ ও লিগ্যাসি সম্পর্কে অবগত।

লিংকন ভক্তদের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, কাউকে কারও সঙ্গে যেন তুলনা করা না হয়। বখতিয়ার যখন মঞ্চে গাইবেন, তখন যেন তার নিজস্ব যোগ্যতা ও গুণের জন্য তাকে ভালোবাসা দেওয়া হয়। তিনি আশ্বস্ত করেন, দূরে থাকলেও তিনি সবসময় বখতিয়ার এবং আর্টসেলের পাশেই আছেন।

ব্যান্ডের ড্রামার এরশাদুল হক সাজু এবং গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ ও জুয়েল জানান, লিংকনকে ছাড়া আর্টসেলকে কল্পনা করা কঠিন। গত ছয়-সাত মাস ধরে লিংকনের অনুপস্থিতিতে তারা কোনো স্টেজ শো করতে পারেননি। তবে ভক্তদের দীর্ঘদিনের অনুরোধ রক্ষা এবং ব্যান্ডের ধারাবাহিকতা বজায় রাখতেই বখতিয়ারকে বেছে নেওয়া হয়েছে।

নতুন এই দায়িত্ব পেয়ে বখতিয়ার বলেন, আর্টসেল একটি লিগ্যাসি। লিংকন ভাইয়ের জায়গা নেওয়ার ধৃষ্টতা আমার নেই, তবে সংগীত জীবনে আর্টসেল আমার কাছে অনেক বড় আবেগের জায়গা। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। দীর্ঘ ২৭ বছরের পথচলায় প্রথমবারের মতো লিংকন ছাড়া মঞ্চে উঠতে যাচ্ছে আর্টসেল। ব্যান্ডের সদস্যদের প্রত্যাশা, এই পরিবর্তন সাময়িক এবং ভক্তদের ভালোবাসা নিয়েই তাদের এই নতুন যাত্রা অব্যাহত থাকবে।