অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই রায়ের ফলে আসনটির ভোটাররা পুনরায় তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন। মঙ্গলবার এই আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর শপথ সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পর এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
এর আগে, ঋণখেলাপি হওয়ার দায়ে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। এই রায়ের ফলে তিনি সংসদ সদস্য হিসেবে আর শপথ নিতে পারবেন না। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার এই রায় প্রদান করেন। জানা গেছে, সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ উঠলেও নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।
পরবর্তীতে নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হলে হাইকোর্টের আদেশে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। তবে ওই আদেশের বিরুদ্ধে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী ঋণখেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন। জামায়াত প্রার্থীর করা সেই লিভ টু আপিল মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আদেশ দেন। ওই আদেশে স্পষ্ট করা হয়েছিল যে, আসলাম চৌধুরী নির্বাচনে বিজয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।
