যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান ও জানাজায় অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদি এই অনুষ্ঠানে সশরীরে যোগ দিচ্ছেন না।
তেহরানের পক্ষ থেকে ভারত ছাড়াও পাকিস্তান, ইরাক, আফগানিস্তান, লেবানন, সিরিয়া, চীন ও রাশিয়াসহ আরও বেশ কয়েকটি রাষ্ট্রকে এই অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক মহলের একটি অংশের ধারণা, আমেরিকার সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে কোনো ধরনের অস্বস্তি বা বিরূপ প্রতিক্রিয়া এড়াতেই ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ভারতের পক্ষ থেকে একটি বিশেষ প্রতিনিধিদল তেহরানে যাচ্ছে। এই প্রতিনিধি দলে রয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মারগারিটা এবং বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন। ৪ঠা থেকে ৯ই তারিখের মধ্যে এই শোক ও অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন হবে।
