আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বুধবার (১ জুলাই) পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বেলুচিস্তান সীমান্তে অনুপ্রবেশকারী আফগান তালেবানের চারটি ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত অতিক্রম করার পরপরই ড্রোনগুলো তাদের রাডারে শনাক্ত হয়। এরপর অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেগুলো ধ্বংস করা হয়েছে। আইএসপিআর সরাসরি অভিযোগ করেছে যে, আফগান তালেবান বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়মিত পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদান করছে এবং এই ড্রোন হামলা সেই ধারাবাহিক সহযোগিতারই একটি অংশ।
এর কয়েক ঘণ্টা আগে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা দাবি করেছিল যে, তাদের বিমানবাহিনী পাকিস্তানের বেলুচিস্তানের পিশিন জেলা এবং খাইবার পাখতুনখোয়ার কয়েকটি এলাকায় আইএসআইএল (আইএসআইএস)-এর ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি এই অভিযোগ ও সামরিক তৎপরতায় সীমান্ত অঞ্চলে যুদ্ধের নতুন শঙ্কা তৈরি হয়েছে।
