সস, মেয়োনেজ বা চিজ দেওয়া খাবার গরম করে খাওয়া কি নিরাপদ?

সস, মেয়োনেজ বা চিজ দিয়ে তৈরি সুস্বাদু খাবারের কিছুটা অংশ বেঁচে গেলে অনেকে তা ফ্রিজে রেখে দেন এবং পরদিন গরম করে খেয়ে নেন। তবে এ ধরনের খাবার এভাবে পুনরায় গরম করে খাওয়া কতটা নিরাপদ, তা নিয়ে সচেতন থাকা জরুরি। টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান ও পুষ্টিবিদ অধ্যাপক শম্পা শারমিন খান জানান, সস, মেয়োনেজ বা চিজযুক্ত যেকোনো খাবার টাটকা অবস্থায় খাওয়াই সবচেয়ে ভালো। এতে খাবারের স্বাদ ও গুণমান অটুট থাকে। ফ্রিজে রেখে পরে খেতে চাইলে সঠিক নিয়ম ও সময় মেনে সংরক্ষণ করা প্রয়োজন, অন্যথায় খাবারে জীবাণু জন্মে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে।

খাবার তৈরির দুই ঘণ্টার মধ্যে তা ফ্রিজে রাখা উচিত। গরম আবহাওয়ার ক্ষেত্রে এই সময়সীমা এক ঘণ্টায় নামিয়ে আনা ভালো। তবে গরম অবস্থায় কখনোই খাবার ফ্রিজে ঢোকাবেন না। খাবার পরিবেশনের দুই ঘণ্টা পেরিয়ে গেলে তাতে জীবাণুর সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, তাই এমন খাবার ফ্রিজে রাখা বা পরদিন গরম করে খাওয়া উচিত নয়। সারা রাত বাইরে রাখা খাবারও খাওয়া থেকে বিরত থাকতে হবে। পাস্তাজাতীয় খাবার পরিবেশনের সময় অবশিষ্ট অংশ আলাদা করে রাখা বুদ্ধিমানের কাজ।

খাবার সংরক্ষণের জন্য ভালো মানের বায়ুরোধী বাক্স ব্যবহার করুন এবং গরম অবস্থায় প্লাস্টিকের পাত্রে রাখবেন না। প্রতিটি বাক্সে এমন পরিমাণ খাবার রাখুন যেন তা একবারেই গরম করে শেষ করা যায়, কারণ একই খাবার বারবার গরম করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফ্রিজ থেকে বের করে গরম করার সময় খেয়াল রাখতে হবে যেন খাবারের প্রতিটি অংশ ভালোভাবে গরম হয়। গরম করার আগে অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজ বা পলিথিন মোড়ক অবশ্যই খুলে ফেলতে হবে। বার্গারজাতীয় খাবারের ক্ষেত্রে টমেটো, শসা বা লেটুস পাতার মতো কাঁচা অংশ আলাদা করে রেখে শুধু বান ও প্যাটি গরম করা উচিত।

এসব খাবার ফ্রিজে তৈরির পর সর্বোচ্চ ২৪ ঘণ্টা রাখা যেতে পারে। এর বেশি সময় রাখা নিরাপদ নয়। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যেও যদি খাবারের ঘ্রাণ, রং বা স্বাদে কোনো পরিবর্তন বা পিচ্ছিল ভাব দেখা দেয়, তবে তা ফেলে দেওয়াই শ্রেয়। যেসব খাবারে সস বা মেয়োনেজের পরিমাণ অনেক বেশি, সেগুলো ফ্রিজে রেখে গরম করে না খাওয়াই ভালো। স্যান্ডউইচ ফ্রিজে রাখলে তা ঠান্ডাই খাওয়া উচিত। যদি অনেক বেশি খাবার থাকে যা ২৪ ঘণ্টায় খাওয়া সম্ভব নয়, তবে শুকনা অংশ আলাদা করে ডিপফ্রিজে রাখা যেতে পারে। তবে কাঁচা অংশ, চিজ, সস বা মেয়োনেজ দেওয়া নরম খাবার ডিপফ্রিজে রাখা উচিত নয়। বাইরে থেকে কেনা বাসি খাবার, বিশেষ করে তৈরির তারিখ নিশ্চিত না থাকলে, তা কখনোই ফ্রিজে সংরক্ষণ না করে ওইদিনেই খেয়ে ফেলা উচিত।