পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় খুশি রানী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ময়দানদীঘি ইউনিয়নের হলদিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের বন্দরপাড়ার বাসিন্দা কুকিল চন্দ্র ও সুরমা রানী দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় এক স্বজনের বাড়িতে দাওয়াত খেয়ে মা-বাবার সঙ্গে মোটরসাইকেলে করে পঞ্চগড় জেলা শহর থেকে বাড়ি ফিরছিল খুশি রানী। শিশুটি মোটরসাইকেলের সামনে বসে ছিল। পথে বোদা হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শিশুসহ তার মা-বাবা সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাক্টরের একটি চাকা শিশুটির পেটের ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজনের সহায়তায় বোদা হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু খুশি রানীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত শিশুটির বাবা-মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই ট্রাক্টর ফেলে চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।