চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। অনুষ্ঠানে তিনি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, চুয়েটে ভর্তির মাধ্যমে তারা দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বিশেষ অংশে পরিণত হয়েছেন। এই শিক্ষাজীবনকে অর্থবহ করে তুলতে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, গবেষণার মনোভাব এবং আত্মোন্নতির ধারাবাহিক প্রচেষ্টা বজায় রাখার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের সময় তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যের সঙ্গে কাজ করতে দেখেছেন। গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স ও স্যামসাংসহ বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানে চুয়েট শিক্ষার্থীরা তাদের দক্ষতার স্বাক্ষর রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। বর্তমান নবীন শিক্ষার্থীরাও ভবিষ্যতে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার পরিচয় দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল রূপান্তরের উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের অধিকাংশ সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বাংলাদেশি প্রকৌশলীদের মেধায় এসব সেবা ও সফটওয়্যার তৈরি করা হয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উদ্ভাবক চুয়েটেরই একজন শিক্ষার্থী। বর্তমানে ‘ভূমি অ্যাপ’-এর মাধ্যমে নামজারি, ই-পর্চা ও ভূমি উন্নয়ন কর পরিশোধের মতো সেবা ঘরে বসেই পাওয়া যাচ্ছে। এছাড়া মাঠপর্যায়ের সরকারি কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণে ‘ভূমি দৃষ্টি’ নামক জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর অ্যাপ ব্যবহার করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মো. সাইফুল ইসলাম। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন ড. কাজী দেলোয়ার হোসেন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

