ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেছেন বাংলাদেশের ১১ দলীয় জোটের প্রতিনিধিরা। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছানোর পর তারা এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও জানাজায় অংশগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মো. কেরামত আলী এমপি, মো. নুরুল আমীন এমপি, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি, ডা. এসএম খালিদুজ্জামান এবং এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারী।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ১১ দলীয় জোটের নেতারা স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টায় তেহরানে পৌঁছান। বাংলাদেশ সময় পৌনে ১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতারা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন। সেখানে ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ আনা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানিয়েছেন, স্পিকারসহ প্রতিনিধিদলের ১০ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ৮৬ বছর বয়সে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় তিনি শাহাদাতবরণ করেন। আগামী শনিবার আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই তাকে তার জন্মস্থানে দাফন করা হবে। শনিবার জানাজায় অংশ নেওয়ার পর বাংলাদেশি প্রতিনিধিদল দেশে ফিরবেন বলে কথা রয়েছে।
