যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল পাঠানো এই বার্তার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।
চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। বার্তায় তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ যাত্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তববাদী নেতৃত্ব দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে তারা আশাবাদী।
প্রধানমন্ত্রী তার চিঠিতে আরও লেখেন, স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং মূল্যবান বন্ধু হিসেবে পাশে রয়েছে। গত পাঁচ দশকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা এবং জনগণের মধ্যকার যোগাযোগের মাধ্যমে এক শক্তিশালী ও বহুমুখী অংশীদারত্বে পরিণত হয়েছে। বিশেষ করে এই বছরের শুরু থেকে বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে দুই দেশ সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত উদারতা ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চিঠির শেষ অংশে প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, যাতে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের অংশীদারত্ব আরও গভীর ও শক্তিশালী হয়। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং যুক্তরাষ্ট্রের বন্ধুভাবাপন্ন জনগণের দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

