নরওয়ের বিপক্ষে পরাজয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবসরের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন নেইমার। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ। এই ঘোষণার মাধ্যমেই ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটল।
ব্রাজিলের জার্সিতে নেইমার মোট ৮০টি গোল করেছেন, যা দেশটির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড। ২০২২ বিশ্বকাপে তিনি কিংবদন্তি পেলের রেকর্ড স্পর্শ করেছিলেন। ২০২৬ বিশ্বকাপে নিজের ৮০তম গোলটি করার পর অবশেষে তার বিদায়ের ক্ষণটি চলে এল।
সেলেসাওদের জার্সি গায়ে জড়িয়ে বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা শেষ পর্যন্ত পূরণ হয়নি। তবে খালি হাতে বিদায় নিচ্ছেন না তিনি। ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন নেইমার এবং সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও তার ঝুলিতে গিয়েছিল।
বিশ্বকাপের মঞ্চে নেইমার তার দলকে সেমিফাইনালে উঠতে দেখেছেন, যদিও সেই ম্যাচে তিনি খেলতে পারেননি। পরবর্তী দুই আসরে তিনি দলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এবারের বিশ্বকাপে শেষ ষোলোতে যাত্রা থামার সঙ্গে সঙ্গেই তার বর্ণাঢ্য ব্রাজিল ক্যারিয়ারের যবনিকাপতন হলো।

