কক্সবাজারের উখিয়ায় টানা বর্ষণের কারণে মাটির ঘরের দেয়াল ধসে মো. মালেক (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম হলদিয়ার জামবাগান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. মালেক একই এলাকার ছৈয়দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে মো. এখলাসের বাড়ির একটি মাটির ঘরের দেয়াল হঠাৎ ধসে পড়ে। ঘটনার সময় মো. মালেক সেখানে অবস্থান করছিলেন। দেয়ালের নিচে চাপা পড়লে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয়দের ভাষ্যমতে, টানা ভারী বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় মাটির তৈরি ঘরগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে তারা ভারী বৃষ্টির সময় ঝুঁকিপূর্ণ মাটির ঘরে না থাকার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

