বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলেই এই সফলতা অর্জিত হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে আরও কয়েকটি দেশের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করা হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার তৈরি এবং বিদ্যমান বাজারের সম্প্রসারণের জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবেই মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হয়েছে এবং ভবিষ্যতে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সিলেটের সার্বিক উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি তথা সিলেটি প্রবাসীদের অবদান, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশ নিবিড়ভাবে কাজ করছে। তিনি আরও বলেন, এ ধরনের মতবিনিময় দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন অংশীদারিত্বকে আরও গতিশীল করবে।

সাক্ষাতের সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।