দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরিতে সাশ্রয় ৩ হাজার ২৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও হ্রাস করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্যতালিকা ঘোষণা করা হয়। বাজুস জানিয়েছে, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। সোমবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে এই নতুন দর কার্যকর হয়েছে এবং মঙ্গলবারও একই মূল্যে স্বর্ণ বিক্রি অব্যাহত রয়েছে।

বাজুসের ভাষ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই সমন্বয় করা হয়েছে। নতুন এই মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা করা হয়েছে।

উল্লেখ্য যে, গত শুক্রবার (৩ জুলাই) প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরের এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এই প্রক্রিয়ায় ৪৩ বার দাম বেড়েছে, ৪৩ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।