যুক্তরাষ্ট্রই একমাত্র মিত্র নয়, ভারতের সমর্থনও গুরুত্বপূর্ণ: নেতানিয়াহু

ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র—মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন মন্তব্যের সঙ্গে একমত নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করেছেন যে, আমেরিকার পাশাপাশি ভারতসহ আরও কয়েকটি দেশের সমর্থন ইসরায়েল পেয়ে থাকে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ছোট একটা দেশ। তাদের জনসংখ্যা ১৪০ কোটির বেশি, আর সেখানে আমরা অসাধারণ সমর্থন পাই।’

লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া বিভিন্ন শান্তি চুক্তি নিয়ে বর্তমানে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ও মতপার্থক্য দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটেই এই মন্তব্য করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে মতভেদ থাকলেও জেডি ভ্যান্সের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো বলে দাবি করেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তবে তার সব বক্তব্যের সঙ্গে আমি একমত নই।’

একই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না—এমন ধারণা দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পকে তিনি হোয়াইট হাউসে ইসরায়েলের পাওয়া ‘সবচেয়ে বড় বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেন।