কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার শিকার এই শিক্ষার্থীরা উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের খতিজাতুল মহিলা হেফজখানার পাশে অবস্থিত মক্তবে কোরআন শিক্ষা নিচ্ছিল। বুধবার দুপুরে ভারী বৃষ্টির সময় পাহাড়ের একটি বড় অংশ ধসে হেফজখানার দেয়াল ভেঙে মক্তবের ওপর পড়ে। সেই সময় মক্তবের ভেতরে ৩০ জনের বেশি শিশু কোরআন শিক্ষা নিচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার পর ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমিন জানান, ভারী বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে হেফজখানার দেয়াল ভেঙে পাশের মক্তবের ওপর পড়ে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, এপিবিএন সদস্য, স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন মানবিক সংস্থার কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে এ পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানিয়েছেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে।

