দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন নতুন রোগী। এর আগের দিন বুধবার তিনজনের মৃত্যু এবং ২৫১ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে চলতি মাসের নয়দিনে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৬৪৩ জনে দাঁড়িয়েছে এবং মোট মৃত্যু হয়েছে ছয়জনের। এর আগে গত মাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল দুই হাজার ৯০৭ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন নতুন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মোট ১৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজার ৭৪৭ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক নয় শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক এক শতাংশ নারী। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে চারজনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, এর আগের বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।

