রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য ভালো কিছু করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। এর কারণ হলো, রাজনৈতিক বক্তব্যের চেয়ে নিজের দেশের জন্য ভালো কিছু করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
নিজের ব্যক্তিগত অভ্যাসের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ছোটবেলা থেকেই আমি টিস্যু ব্যবহারের পর তা পকেটে রাখার অভ্যাস গড়ে তুলেছি। তিনি বলেন, আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু পাওয়া যাবে। সারাদিনে ব্যবহৃত টিস্যুগুলো পকেটে জমা করে রাতে বাসায় ফেরার পর ডাস্টবিনে বা নির্দিষ্ট ময়লা ফেলার স্থানে সেগুলো ফেলে দিই। তিনি বলেন, টিস্যু মাটিতে ফেললে আমি যা বলছি, তা নিজেই মানা হতো না। এ ধরনের ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে পারলে দেশকে পরিচ্ছন্ন রাখা অনেক সহজ হবে এবং পরিবেশ সুন্দর হবে বলে তিনি মন্তব্য করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তারেক রহমান জানান, এদিন মোট আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। তিনি উপস্থিত সবাইকে গাছের যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেমন তার যত্ন নেওয়া হয়, তেমনি এই শিশু চারাগুলোকেও প্রতিদিন যত্ন করতে হবে। গাছ রোপণ করেই কাজ শেষ নয়, বরং তার পরিচর্যা নিশ্চিত করা জরুরি।
এর আগে, সোমবার ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে বাসযোগে বরিশালের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
