ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করলে তাকে আইন অনুযায়ী জেলে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনাকে জেলে যেতে হবে এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক যে প্রক্রিয়া থাকে, সেই নিয়ম মেনেই কাজ চলছে। কোনো আসামি আত্মসমর্পণ করলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা যা প্রয়োজন, সরকার তা করবে।
শেখ হাসিনার সম্প্রতি দেয়া বক্তব্যের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, তিনি বিদেশে বসে যে বক্তব্য দিচ্ছেন, তা কেবল আওয়ামী লীগের পালিয়ে থাকা বা লুকিয়ে থাকা নেতাকর্মীদের উজ্জীবিত করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। এর পেছনে তিনি অন্য কোনো কারণ দেখছেন না বলে মন্তব্য করেন।
