এবারের ফুটবল বিশ্বকাপ একের পর এক নতুন ইতিহাসের জন্ম দিচ্ছে। ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট মাঠের লড়াইয়ের পাশাপাশি খেলোয়াড় ও দলগুলোর অনন্য অর্জনেও সমৃদ্ধ হচ্ছে। সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার পর সামনে এসেছে এক বিরল রেকর্ড। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ চারটি দল একই আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ১৯৯২ সালে ফিফা র্যাংকিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।
ইতিহাস গড়া এই চার সেমিফাইনালিস্ট দল হলো আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। উল্লেখযোগ্য বিষয় হলো, শেষ চারে জায়গা করে নেওয়া এই চারটি দলের প্রত্যেকেরই এর আগে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে।
বিশ্বকাপের ইতিহাসে এর আগে মাত্র দুইবার এমন নজির দেখা গিয়েছিল, যেখানে শেষ চারের চারটি দলই ছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। ১৯৭০ এবং ১৯৯০ সালের আসরে এমনটি ঘটেছিল। ১৯৭০ সালে সেমিফাইনালে জায়গা করে নেওয়া দলগুলো ছিল ব্রাজিল, ইতালি, উরুগুয়ে ও পশ্চিম জার্মানি। এছাড়া ১৯৯০ সালের বিশ্বকাপে সেমিফাইনালিস্ট চার দল ছিল পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, ইতালি ও ইংল্যান্ড।

