ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আটালান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল একাদশে তিনটি পরিবর্তন এনেছিলেন। এজরি কনসা, নিকো ও’রাইলি ও ননি মাদুয়েকের পরিবর্তে দলে সুযোগ পান রিস জেমস, জেড স্পেনস ও মরগান রজার্স। ইংল্যান্ডের একাদশে ছিলেন জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি, জেড স্পেনস, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।

অন্যদিকে, আর্জেন্টিনা তাদের একাদশে একটি পরিবর্তন এনেছিল। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা একাদশের রদ্রিগো দি পলের জায়গায় কোচ লিওনেল স্কালোনি শুরু থেকেই জুলিয়ানো সিমিওনেকে মাঠে নামান। আর্জেন্টিনার একাদশে আরও ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে অ্যান্থোনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে যায়। তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৮৫তম মিনিটে এনজো ফর্নান্দেজ এবং ৯০ মিনিটের পর যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেজ গোল করে দলের জয় নিশ্চিত করেন। আগামী ১৯ জুলাই স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা।