টানা বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি এবং বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৭ জুলাই সাজেক ভ্রমণে যে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা এখন প্রত্যাহার করা হয়েছে। ফলে পর্যটকরা আগের নিয়মেই সাজেক ভ্যালি ও বাঘাইছড়ির অন্যান্য দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারবেন। তবে বর্ষাকালীন আবহাওয়ার কথা বিবেচনা করে পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘদিন নিষেধাজ্ঞা বহাল থাকায় পর্যটন সংশ্লিষ্টরা স্থবির হয়ে পড়া এই খাতে নতুন করে প্রাণ ফিরে পাওয়ার আশা করছেন। রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, টানা বৃষ্টি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাদের প্রতিষ্ঠানের প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

