বিশ্বকাপ ফুটবলের আসরে গোল্ডেন বুট হলো সেই ব্যক্তিগত স্বীকৃতি, যার দিকে তাকিয়ে থাকে প্রতিটি বড় তারকা। ফিফা বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টে সর্বাধিক গোল করা ফুটবলারকে এই পুরস্কার প্রদান করা হয়। তবে গোলসংখ্যা সমান হয়ে গেলে অ্যাসিস্ট এবং খেলোয়াড়ের খেলার সময়ের ওপর ভিত্তি করে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত কোনো ফুটবলার একাধিকবার এই ট্রফিটি জেতার নজির গড়তে পারেননি। অর্থাৎ প্রতি আসরেই নতুন কোনো তারকা এই সম্মানের অধিকারী হন। এবার সেই গোল্ডেন বুট থেকে মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
অনেকের ধারণা গোল্ডেন বুট পুরোপুরি স্বর্ণ দিয়ে তৈরি, তবে বাস্তবতা ভিন্ন। এটি মূলত পিতলসহ বিভিন্ন ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয় এবং এর ওপর সোনালি আস্তরণ দেওয়া থাকে। পুরস্কারটির ওজন প্রায় ১ কিলোগ্রাম। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে এর বাজারমূল্য ৩ থেকে ৪.৭৬ কোটি টাকা বলে দাবি করা হয়, তবুও ফিফা আনুষ্ঠানিকভাবে এর কোনো মূল্য প্রকাশ করেনি। তাছাড়া গোল্ডেন বুট বিজয়ী খেলোয়াড়কে ফিফা সরাসরি কোনো নগদ অর্থ দেয় না, শুধুমাত্র ট্রফি ও সম্মাননা দেওয়া হয়। তবে পরোক্ষভাবে এই পুরস্কার জেতা খেলোয়াড়দের স্পনসরশিপ, বাজারমূল্য ও বাণিজ্যিক আয়ের ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলে।
২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। ফাইনালে হ্যাটট্রিক করেও তিনি দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি, কিন্তু ব্যক্তিগত এই অর্জনে সফল ছিলেন। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বাধিক গোলের রেকর্ডটি ফ্রান্সের জাস্ট ফঁতেনের দখলে, যিনি ১৯৫৮ সালে ১৩টি গোল করেছিলেন। অন্যদিকে, ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার গিলের্মো স্টাবিলে ৮ গোল করে এই ট্রফি প্রথম জয়ের গৌরব অর্জন করেছিলেন।

