সরকারি খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান জনতা ব্যাংক পিএলসিতে সংঘটিত ঋণ জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের ঘটনায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে। ব্যাংকের লোন কমিটির যোগসাজশে নামসর্বস্ব প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূত বড় অঙ্কের ঋণ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে তৎকালীন প্রধান কার্যালয়ের ঋণ কমিটির ১০ উচ্চপদস্থ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন।
তদন্ত সূত্র ও নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, জনতা ব্যাংকের লোকাল অফিসের গ্রাহক 'এয়ারওয়েজ লিমিটেড' নামক একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই জালিয়াতির নেটওয়ার্ক গড়ে তোলা হয়। অভিযোগ রয়েছে, ব্যবসা পরিচালনার পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানটির অনুকূলে এলসি খোলা হয়। ইডিএফ সুবিধাসহ বিভিন্ন ঋণ সুবিধার মাধ্যমে চক্রটি নিজেদের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি দেখায়। বাস্তবে কোনো ব্যবসা না থাকলেও 'অ্যাকোমোডেশন বিল' তৈরির মাধ্যমে তারা সর্বমোট ৪ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৬৭৮ মার্কিন ডলার আত্মসাৎ করে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৪১৬ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৯৯২ টাকা। এর মধ্যে ১ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৩৮৩ মার্কিন ডলারের কোনো বৈধ দলিলাদি পাওয়া যায়নি, যা সরাসরি মানিলন্ডারিং প্রতিরোধ আইনের লঙ্ঘন।
এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় স্বাক্ষরকারী ও অনুমোদনকারী কর্মকর্তাদের দায়বদ্ধতা এখন সামনে এসেছে। আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য তলব করা হয়েছে উপ-মহাব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপক মো. আশরাফুল আলম, মোসাম্মৎ আন্নিয়া বেগম, মো. আব্দুল মতিন, মিজানুর রহমান এবং এস এম আব্দুল ওয়াদুদকে। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম, মো. গোলাম মতুর্জা, মো. কামরুল আহসান এবং ড. মো. আব্দুল্লাহ আল মামুনকেও তলব করা হয়েছে।
ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে, লোন কমিটির সদস্যদের অনুমোদন ছাড়া এতো বড় অংকের ঋণ ছাড় হওয়া সম্ভব নয়। তাই লোন কমিটির সভায় কোন যুক্তিতে বা কার প্ররোচনায় অভিজ্ঞতাহীন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হলো, তা উন্মোচন করাই দুদকের মূল লক্ষ্য। ব্যাংকিং নীতিমালার লঙ্ঘন হয়েছে কি না বা তারা নিজেরা লাভবান হয়েছেন কি না, তা নিয়েও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হলে তারা মানিলন্ডারিং আইনের আওতায় শাস্তির সম্মুখীন হতে পারেন।

