২০২২ সালের ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জাহাঙ্গীর আলম (৪২), তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩২) ও ছয় বছরের মেয়ে সানজিদা। ওই ভয়াবহ ট্রাকচাপার ঘটনায় রত্না বেগমের পেট ফেটে অলৌকিকভাবে রাস্তায় জন্ম হয় শিশু ফাতেমার। জন্মের মুহূর্তেই মা-বাবা ও বোনকে হারানো শিশুটি বর্তমানে রাজধানীর আজিমপুর ছোটমণি নিবাসে সরকারি তত্ত্বাবধানে বেড়ে উঠছে। সেখানে তার লেখাপড়া, খেলাধুলা ও সার্বিক পরিচর্যার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শিশুটির চতুর্থ জন্মদিন এবং তার মা-বাবা ও বোনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করেছে ত্রিশাল উপজেলা প্রশাসন। এই বিশেষ দিনে ফাতেমার পরিবারের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ১০ লাখ টাকার এফডিআর, শুকনা খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন। এছাড়া ফাতেমার বাবা-মা ও বোনের কবর বাঁধানোর উদ্যোগ এবং তাদের বাড়ির রাস্তা পাকাকরণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি ফাতেমার ভবিষ্যতের কথা বিবেচনা করে তার লেখাপড়ার সার্বিক দায়িত্বও নেয়া হয়েছে।

