বিশ্বকাপ বিজয়ীদের আঙুলে এবার শোভা পাবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং

বিশ্বকাপ জয়ের চিরচেনা স্মৃতি বলতে এত দিন কেবল সোনালি ট্রফি আর পদকের কথা মাথায় আসত। তবে এবার সেই সোনালি ঐতিহ্যে যুক্ত হচ্ছে নতুন এক রাজকীয় অনুষঙ্গ—চ্যাম্পিয়নশিপ রিং। ফুটবলের সবচেয়ে বড় আসরে প্রথমবারের মতো বিশ্বজয়ী দলের জন্য এমন বিশেষ রিং চালু করতে যাচ্ছে ফিফা।

উত্তর আমেরিকার এনবিএ, এনএফএল বা এমএলবির মতো জনপ্রিয় লিগগুলোতে চ্যাম্পিয়নশিপ রিংয়ের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ফুটবলের বিশ্বমঞ্চেও এই রীতি প্রবেশ করছে। ফিফা জানিয়েছে, বিশ্বকাপ বছরকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি রিং বরাদ্দ থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১৯৯৬টি রিং লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে ছাড়া হবে।

প্রতিটি রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের প্রতীক, রং ও পরিচয়। বিজয়ী দলের জন্য নির্দিষ্ট প্রতিটি রিংয়ে আলাদা সিরিয়াল নম্বর থাকবে এবং তা খেলোয়াড়দের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে। এর সঙ্গে থাকবে সত্যায়নপত্র বা সার্টিফিকেট অব অথেনটিসিটি।

পুরস্কার বিতরণী মঞ্চে ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে সাময়িকভাবে স্মারক রিং দেওয়া হবে। পরবর্তীতে খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ নিয়ে ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।

এবারের ফাইনালে আর্জেন্টিনা তাদের চতুর্থ শিরোপার জন্য লড়ছে, আর স্পেন নামছে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। যে দলই শিরোপা জিতুক না কেন, ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি তারাই হবে বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল, যাদের আঙুলে উঠবে ফিফার এই বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং।