মেসি না ইয়ামাল, কার হাতে কাপ দেখতে চান শরীফুল রাজ?

প্রিয় দল ব্রাজিল বেশ আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে, তবে তাতে বিশ্বকাপের উন্মাদনায় কোনো ভাটা পড়েনি। ফাইনাল ম্যাচটিকে ঘিরে দারুণ উচ্ছ্বসিত চিত্রনায়ক শরীফুল রাজ। তিনি মনে করছেন, আজ রাতে বিশ্বকাপের অন্যতম সেরা ও হাড্ডাহাড্ডি একটি লড়াই হতে যাচ্ছে। এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই অভিনেতা।

ম্যাচটি নিয়ে শরীফুল রাজ বলেন, 'আমি দুই দলের খেলা নিয়েই এক্সসাইটেড। দুটোই এখন সেরা। এই খেলায় কী হবে বলা খুবই কঠিন। এই লড়াইটা দেখার জন্য অস্থির হয়ে আছি। আমার মনে হয়, এমনও হতে পারে, এই খেলা দেখে অনেকেই স্ট্রোক করতে পারেন। তবে চাই, ভালো একটি ম্যাচ হোক। সেই ম্যাচটা সবার কাছে সেরা হয়ে থাকুক।'

আজকের খেলায় কোন দল জিতবে—এমন প্রশ্নের জবাবে রাজ জানান, উভয় দলই দুর্দান্ত এবং তারা নিজেদের প্রমাণ করেই ফাইনালে এসেছে। তাই আর্জেন্টিনা কিংবা স্পেন যারাই জিতুক, তিনি খুশিই হবেন। কথাটি বলার সময় হাসিমুখে নিজের অবস্থান পরিষ্কার করেন এই নায়ক।

খেলা শুরুর আগেই ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে নিজের সমর্থন জানিয়েছেন শরীফুল রাজ। প্রিয় দল বাদ পড়ায় কিছুটা মন খারাপ থাকলেও, ভবিষ্যতে ব্রাজিল আরও শক্তিশালী হয়ে ফিরবে বলে তিনি প্রত্যাশা করছেন। আপাতত অন্যান্য দলের খেলা উপভোগ করছেন তিনি।

বর্তমানে ফুটবল বিশ্বে মেসি ও ইয়ামালকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। দুজনের মধ্যে কার হাতে বিশ্বকাপ দেখতে চান—এমন প্রশ্নের জবাবে রাজ বলেন, 'দেখুন, আমি ব্রাজিল সমর্থন করলেও মেসির খেলা ভালো লাগে। আমার ভালো লাগবে আবার মেসির হাতে কাপ দেখতে। তবে তরুণ খেলোয়াড় ইয়ামালও ভালো খেলছে। তারা কাপ পেলেও অবিশ্বাস্য বা অঘটন কিছু হবে না। আজ মাঠের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচটি দেখার অপেক্ষায় রয়েছি।'